নতুন করে যেসব খাতে সাড়ে ৪ লক্ষ স্পন্সর ভিসা দিবে ইতালি👇
স্পন্সর ভিসায় বৈধ ভাবে সাড়ে চার লাখ বিদেশি দক্ষ শ্রমিক নিতে ইতালির মন্ত্রিপরিষদে চূড়ান্ত অনুমোদন। নতুন ঐ বাজেট অনুযায়ী কয়েকটি খাতে কোটার ভিত্তিতে স্পন্সর ভিসা পাবেন কর্মীরা। আর এতে সুযোগ থাকছে বাংলাদেশিদেরও।
কোভিড ১৯ এর অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতেই বিভিন্ন দেশ থেকে তিন বছরে সাড়ে চার লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। গেলো শুক্রবার ৭ জুলাই সকালে দেশটির মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেয়। অন্যদিকে সিদ্ধান্ত অনুযায়ী স্পন্সর ভিসার মাধ্যমে দক্ষ কর্মী নিতে চায় ইতালি, যার মধ্যে সুযোগ থাকছে বাংলাদেশি কর্মীদের।
মন্ত্রিপরিষদের চূড়ান্ত ঐ বিবৃতিতে বলা হয়,২০২৩ থেকে ২০২৫ সাল এই তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪ লক্ষ ৫২ হাজার শ্রমিক বিভিন্ন দেশ থেকে ইতালিতে নেয়া হবে। এর মধ্যে চলতি বছর ইতালিতে প্রবেশের অনুমতি পাবে ১লক্ষ ৩৬ হাজার জন। আগামী বছর ইতালি স্পন্সর ভিসা দিবে ১ লক্ষ ৫১ হাজার এবং ২০২৫ সালে ১ লক্ষ ৬৫ হাজার দক্ষ কর্মীকে ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে নিবে।
যদিও এর আগে চলতি বছর স্পন্সর ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ইতালি সরকার ৮২ হাজার শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। তবে চলমান এই স্পন্সর আইনের মধ্যেই দেশটির আগামী ২০২৫ সাল পর্যন্ত নতুন করে স্পন্সর ভিসার গেজেট পাশ হলো।
আগে থেকেই কাজের জন্য সড়ক পরিবহন খাত, নির্মাণ খাত, পর্যটন-হোটেল, মেকানিকস, টেলিযোগাযোগ, খাদ্য, জাহাজ নির্মাণ, স্ব-কর্মসংস্থান এবং অ-মৌসুমি মালিকানাধীন কাজের জন্য নিশ্চিত কোটার পাশাপাশি, এবারের স্পন্সর ভিসায় বেড়েছে কাজের ক্ষেত্রও! আর নতুন করে যুক্ত হওয়া সেক্টর গুলির মধ্যে, পারিবারিক সহায়তা অর্থাৎ ডোমেস্টিক কর্মী এবং সামাজিক স্বাস্থ্যসেবা কর্মী অর্থাৎ নার্স ও ডাক্তারদের জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা ছাড়াও বাস ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে কর্মীরা রয়েছেন। একই সাথে পূর্ববর্তী কাজের ক্ষেত্র ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারদের জন্য বেড়েছে কোটার পরিমান।
বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখ কর্মী নেয়ার সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন পেলে আনন্দে বেশ উচ্ছ্বসিত হতে দেখা যায় ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের। কেননা এর মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকেরই ইতালিতে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা।
বাংলাদেশ থেকে ইতালিতে সবচেয়ে বেশি কৃষি ও পর্যটন খাতে কর্মী যেতে পারলেও, বাংলাদেশের সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি না থাকায় ট্রাক কিংবা বাসচালকরা পাচ্ছেন না বাংলাদেশ থেকে আবেদনের সুযোগ। তবে যদি কোনো বাংলাদেশি এমন দেশে থাকেন,যেই দেশের সঙ্গে কিনা ইতালির ড্রাইভিং লাইসেন্সের চুক্তি রয়েছে, সেই দেশ থেকে আবেদন করা সম্ভব বলে জানা যায়।
পশ্চিম ইউরোপের শিল্পোন্নত ও প্রাচীন সভ্যতার দেশ ইতালি। যুক্তরাজ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস ইতালিতে।


0 Comments